ফ্যাসিবাদের পুরো ব্যবস্থা বদল করতে হবে

Super Admin | প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:১৮
ফ্যাসিবাদের পুরো ব্যবস্থা বদল করতে হবে
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, মানুষ ২০১১ সাল থেকে শাসকের বিদায়ে লড়াই করেছে। এ বিদায় আমরা আগেও করেছি। কিন্তু আগে শাসকের সঙ্গে সঙ্গে শাসন ব্যবস্থার বদল করতে পারিনি। ফ্যাসিবাদের পুরো ব্যবস্থাকে বদলাতে হবে। এবার না পারলে দেশের মানুষ এ লড়াইয়ে আর আসবে না। গতকাল রোববার সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে গণসংহতি আন্দোলন জেলা শাখার সমাবেশে এসব কথা বলেন তিনি। জোনায়েদ সাকি বলেন, বছরের পর বছর লড়াই করে মানুষ ধীরে ধীরে বারুদের স্তূপে পরিণত হয়েছিল। বিশেষ করে ২০১১ সালে শেখ হাসিনা তত্ত্বাবধাক সরকার ব্যবস্থা বাদ দিয়ে সংবিধান সংশোধন করলে বোঝা যায়, তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তিনি বলেন, আমরা বলেছি– বর্তমান সংবিধান মহান মুক্তিযুদ্ধের ওপর দাঁড়িয়ে হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, তা সংবিধানে প্রতিফলন হয়নি। ফলে সমস্ত ক্ষমতা এক ব্যক্তির কাছে কেন্দ্রীভূত করা হয়েছে। যিনি প্রধানমন্ত্রী হন, তার হাতেই সব ক্ষমতা। তিনি পুরো রাষ্ট্রটা নিজের পকেটে ঢুকিয়ে জনগণের ওপর তীর চালিয়েছেন। গণসংহতি আন্দোলনের এ নেতা বলেন, অনেকেই দেখছি গণতন্ত্র ও দেশের উন্নতির কথা বলেন। কিন্তু তাদের কথার মধ্যে আমাদের শ্রমিক নেই, নারী নেই, নিপীড়িত জাতি ও জনগোষ্ঠী নেই। আমাদের তরুণ ছাত্রও নেই। আগামী দিনে এই তরুণদের কাজে লাগাতে হবে। এ জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান তৈরিতে নতুন নীতি দরকার। টাঙ্গাইল সদরের আহ্বায়ক মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা সংগঠক ফাতেমা রহমান বিথি, পৌর কমিটির সদস্য সচিব ফারজানা জেসমিন, অভ্যুত্থানের শহীদ মারুফের মা মোরশেদা বেগম প্রমুখ।

মন্তব্য করুন

Login to comment

রাজনীতি নিয়ে আরও পড়ুন

Global Before Footer