হিরক খুলনার জনপ্রিয় মুখ নাচের মঞ্চ থেকেই চিরবিদায় নিলেন

Tanjir Khan Rony | প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:৫৮
হিরক খুলনার জনপ্রিয় মুখ নাচের মঞ্চ থেকেই চিরবিদায় নিলেন

নাচতে নাচতেই হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়ে আর উঠলেন না খুলনার জনপ্রিয় মুখ হিরক। টিকটক মিলন মেলা অনুষ্ঠানে নাচের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে খুলনার শিল্পী ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সোনাডাঙ্গার ব্লু অর্কিড রেস্টুরেন্টে টিকটক মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গানের তালে নাচছিলেন হিরক। এ সময় হঠাৎ তিনি মঞ্চেই লুটিয়ে পড়েন। প্রথমে উপস্থিত অনেকেই বিষয়টি বুঝতে না পারলেও পরে কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

ঘটনার একটি ভিডিওচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গানের সঙ্গে নাচতে নাচতেই হঠাৎ মঞ্চে পড়ে যান হিরক।

পরে দ্রুত তাকে খুলনা হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে চিকিৎসকের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা গুরুত্বপূর্ণ।

বন্ধু ও পরিচিতজনদের সূত্রে জানা যায়, হিরক ছোটবেলা থেকেই বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দার নাচের ভক্ত ছিলেন। তাঁর নাচের প্রতি ভালোবাসা ও গোবিন্দার নাচ অনুসরণের কারণে বন্ধু মহলে তিনি ‘খুলনার গোবিন্দ’ নামে পরিচিতি পেয়েছিলেন।

নাচ ও বিনোদনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা হিরকের এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে স্মৃতিচারণ করছেন।

নাচকে ভালোবেসে যে মানুষটি মঞ্চে উঠেছিলেন, সেই মঞ্চ থেকেই তাঁর এমন আকস্মিক বিদায় ছুঁয়ে গেছে সবাইকে।

মন্তব্য করুন

Login to comment

জাতীয় নিয়ে আরও পড়ুন

Global Before Footer