ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত—রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের নিশ্চিতকরণ, ট্রাম্পের দাবিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা
Mousumi Nargis lucky |
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৩:২৭
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে।
ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেখানে থাকা কারও বেঁচে থাকার সুযোগ ছিল না।
জানা গেছে, অত্যাধুনিক ট্র্যাকিং ব্যবস্থা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
ট্রাম্প তার বক্তব্যে অভিযানের সফলতার দাবি করেন এবং একে ‘নিখুঁত’ বলে উল্লেখ করেন।
উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি), সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, অনেক নিরাপত্তা সদস্য আর যুদ্ধ করতে আগ্রহী নন এবং তারা ক্ষমা ও নিরাপত্তা চাইছেন।
তিনি তাদের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান প্রয়োজনে টানা চলতে পারে।
তার মতে, এই পরিস্থিতি ইরানের জনগণের জন্য রাজনৈতিক পুনর্গঠনের একটি বড় সুযোগ তৈরি করেছে।
খামেনির মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য পাল্টা হামলা ও নেতৃত্ব পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ দেখা দিয়েছে।