পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা কবলিত বাসটি থেকে এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এই দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থলে চারটি ইউনিট উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন নারী, পাঁচজন শিশু এবং পাঁচজন পুরুষ।
ছয় ঘণ্টারও বেশি সময় পর রাত সাড়ে বারোটার দিকে বাসটিকে পদ্মা নদী থেকে টেনে পানির উপরে আনে উদ্ধারকারী জাহাজ হামজা।
এদিকে, দুর্ঘটনা কবলিত বাস থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় শণাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন।
২২ জনের মরদেহ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান রাজবাড়ি জেলা প্রশাসক সুলতানা আক্তার।
একজনের মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। দিনাজপুর থেকে তার স্বজনেরা রওয়ানা দিয়েছেন, তারা এলেই মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।
এই দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মিজ আক্তার বলেন, "এখনও নিখোঁজ রয়েছেন এমন দাবি কারো স্বজন বা কেউ আমাদের কাছে করেননি। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।