শিগগিরই ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা : সেনাপ্রধান
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা ও জাতীয় স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব পালন শেষে খুব অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীর সমস্ত সদস্য ব্যারাকে ফিরে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সেনাপ্রধান জানান, এরই মধ্যে মাঠপর্যায় থেকে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরে এসেছেন।
সেনাপ্রধান মাঠপর্যায়ের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, এখনো প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দেশের ৬২টি জেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০২৪ সালের ২০শে জুলাই থেকে দেশের বিশেষ প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে মোতায়েন হন। দেশ গঠন এবং জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর এই অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো।’ তবে তিনি এও উল্লেখ করেন যে, যতক্ষণ পর্যন্ত সরকার মাঠপর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতি চাইবে, ততক্ষণ পর্যন্ত মাঠে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সচল রাখা হবে। উদাহরণ হিসেবে তিনি বর্তমানে দেশের বিভিন্ন ফুয়েল ডিপোগুলোতে সেনাবাহিনীর সক্রিয় মোতায়েন থাকার বিষয়টি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ১৬ মে থেকে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়েছিল। এইবারের প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বিজয়ী দল ও শ্রেষ্ঠ শুটারদের হাতে পুরস্কার তুলে দেন।